দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওমানের শ্রমবাজার খুলে গেছে, ব্যাপক ভিসা চালু হয়েছে কিংবা ‘ফ্রি ভিসা’ দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাকে গুজব ও বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট।
ওমান সরকার কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি বলে বুধবার (১২ আগস্ট) ভিসা-সংক্রান্ত এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ বা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’—এ ধরনের প্রচারণা ছড়িয়ে পড়েছে।
দূতাবাস জানিয়েছে, ওই বিজ্ঞপ্তি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা নয়। বিজ্ঞপ্তিতে আল ধাহিরাহ অঞ্চলে কৃষি শ্রমিকের চাহিদা নিরূপণ করে প্রয়োজন হলে কেবল ওই অঞ্চলের কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বর্তমানে ওমান সরকার শ্রমবাজার পুনর্বিন্যাস ও ‘ওমানাইজেশন’ নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।
এ ধরনের প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ওমানে কর্মসংস্থান ও ভিসা-সংক্রান্ত যেকোনো তথ্য বাংলাদেশ দূতাবাস, মাস্কাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র থেকে যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
বিষয়টি দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে কোনো অগ্রগতি হলে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।
এমএম/